পাঁচ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ১৫০০ ঘর
আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত
পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে ১৫০০ ঘর।
এছাড়া আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, গতকাল সন্ধ্যায় লাগা আগুন টানা ৫ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে বস্তির বউবাজার অংশে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১১টি এবং পরে আরও ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তবে ঘনবসতিপূর্ণ এলাকা এবং উৎসুক জনতার ভিড় সামলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

