অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দুটি ভল্ট ভেঙে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ দুই ভল্ট জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এ স্বর্ণালঙ্কারের সন্ধান পায়।
সিআইসির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট ভাঙা হয়। ভল্টগুলোতে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান মিলেছে।
তিনি আরও জানান, শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও স্বর্ণালঙ্কার বা অন্যকিছু পাওয়া যায়নি।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। হাসিনা এবং তার সময়ে বিশেষ সুবিধা পাওয়া ১০ ব্যবসায়ী গ্রুপের অনিয়ম ও জালিয়াতি তদন্তে ১১টি বিশেষ টিম গঠন করা হয়।

