বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে। এর মধ্যে সারা দেশে নির্বাচনের আবহ শুরু হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬’র নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজ মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে। তবে কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের জনগণ তাদের রুখে দেবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, নদীর মতো। এখানে একেকটা আসনে ৪ থেকে ৫ জন করে প্রার্থী থাকে। এতে কোনো অসুবিধা নেই। এতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।

