Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তর বিষয়ক চুক্তির বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগেই গত ১৩ নভেম্বর শুনানি চলমান থাকা অবস্থায় এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করার বিষয়ে আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান—রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের হস্তান্তর কার্যক্রম এগিয়ে নেওয়া হবে না। সেদিন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, “আমরা আদালতে আবেদন জানিয়েছিলাম শুনানি শেষ না হওয়া পর্যন্ত এনসিটি যেন বিদেশিদের কাছে হস্তান্তর না করা হয়। আদালতকে অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।”

গত ৩০ জুলাই হাইকোর্ট এনসিটি পরিচালনা নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চলমান চুক্তি–সম্পর্কিত প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে যেকোনো অপারেটরকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে আইন অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চান আদালত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন