Logo
Logo
×

সংবাদ

পুনঃতফসিল ঘোষণা শাকসু নির্বাচনে, ভোট ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

পুনঃতফসিল ঘোষণা শাকসু নির্বাচনে, ভোট ২০ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য নতুন করে তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল ঘোষণা করা হয়।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা আবার প্রকাশ করা হবে। ২৯ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত আপত্তি জানানো যাবে। এরপর ১ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে, যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত হয়েছে ৪ ডিসেম্বর, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৭ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারিত হয়েছে ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ১১ ডিসেম্বর।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট।

এর আগে ১৬ নভেম্বর যে তফসিল ঘোষণা করা হয়েছিল, তাতে ১৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে শীতকালীন ছুটি ও শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে একটি বড় অংশ সেই সিদ্ধান্তের বিরোধিতা করে।

পরে ২৩ নভেম্বর, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০ জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘‘শীতকালীন ছুটির কারণে ১৭ ডিসেম্বর ভোট হলে অনেক শিক্ষার্থী উপস্থিত থাকতে পারবে না—এমন আশঙ্কা থেকেই আমরা সবার মতামতের ভিত্তিতে নতুন তারিখ ঠিক করেছি এবং পুনঃতফসিল ঘোষণা করেছি।’’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন