মঙ্গলবার থেকে অনলাইনেই মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ
র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড আগামীকাল মঙ্গলবার থেকে ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। মোবাইল ফোন বা কম্পিউটার থেকে র্যাপিড পাসের ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারবেন যাত্রীরা।
আগামীকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টায় আগারগাঁও মেট্রোস্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং ভাড়া আদায় সহজ করতে ডিটিসিএ ‘র্যাপিড পাস’ চালু করেছিল। এবার তারাই অনলাইনে কার্ড রিচার্জের নতুন ব্যবস্থা বাস্তবায়ন করছে। একই সঙ্গে এমআরটি পাসেও একই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে দুটি স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে—র্যাপিড পাস ও এমআরটি পাস।
ডিটিসিএ জানিয়েছে, অনলাইন রিচার্জের প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানো হয়েছে। যাত্রীরা অনলাইনে রিচার্জ করার পর স্টেশনে এভিএম মেশিনে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সক্রিয় হবে। অনলাইনে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটসহ সব এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে।

