Logo
Logo
×

সংবাদ

ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান জামিন পেলেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান জামিন পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

সোমবার বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাফিজুর রহমান হাইকোর্টে আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন এবং মো. আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বলেন, আদালতের এই আদেশের ফলে অধ্যাপক হাফিজুর রহমানের মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

২৮ আগস্ট দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে শাহবাগ থানায় একটি মামলায় হাফিজুর রহমানসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলা করেন শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম।

সেদিন সকালে হাফিজুর রহমান, আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। আলোচনার শিরোনাম ছিল ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’। আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন।

প্রথমে বক্তব্য দেন হাফিজুর রহমান। এরপর একদল বিক্ষুব্ধ ব্যক্তি স্লোগান দিতে দিতে মিলনায়তনে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে হাফিজুর রহমানসহ অন্তত ১৬ জনকে আটক করে।

এই মামলায় এর আগে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম হাইকোর্ট থেকে জামিন পান, যা আপিল বিভাগে বহাল থাকে।

আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের মতে, হাফিজুর রহমান ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন না। এজাহারে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপরাধের উপাদানও নেই। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন