Logo
Logo
×

সংবাদ

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা ত্যাগ

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যান। প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুটানের সরকারপ্রধানকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিদায়ের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী তোবগেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

তার এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। একটি স্বাস্থ্যসেবা খাতে এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংক্রান্ত।

শনিবার সফরের প্রথম দিনে, সকাল সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে দুই নেতার মধ্যে এক সংক্ষিপ্ত বৈঠকও হয়। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে, শেরিং তোবগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সেখানে একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

শনিবার দিনটিতে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠকের পাশাপাশি একটি দ্বিপক্ষীয় আলোচনা সভাও হয়, যেখানে দু’দেশের নানা বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রোববার ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া, তার সফরে তিনি আলাদা করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন