কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত, আহত আরও একজন
কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন এক কৃষক। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রেফাজুল ইসলাম (৫০) ওই এলাকার জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল (৪৫) একই গ্রামের কালু মাঝির ছেলে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, রাতে রেফাজুল ও লালন বাজারে একটি দোকানে বসে ছিলেন। সে সময় কয়েকজন অস্ত্রধারী এসে খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। রেফাজুল ঘটনাস্থলেই মারা যান। গুলিতে আহত হন লালন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সম্প্রতি রায়টা নতুনপাড়াসহ আশপাশের এলাকায় জমি ও বালুমহালের দখল নিয়ে একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং প্রাণঘাতী হামলার মতো ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ওসি আব্দুর রউফ তালুকদার বলেন, যাদের সংশ্লিষ্টতা আছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

