ঢাকা ও আশপাশে ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ
ছুটির দিনে সকালবেলায় এক দফা কম্পনে কেঁপে উঠল ঢাকা ও আশপাশের অনেক এলাকা।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি।
ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। মোহাম্মদপুর, তেজকুনিপাড়া ও রাজধানীর অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের পরপরই তারা তৎপর থাকলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী অঞ্চলে।
এ কম্পন শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতেও অনুভূত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়েই মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

