এর আগে ২০২৩ সালেও জনি গ্রেপ্তার হন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘কুখ্যাত সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মনির হোসেন, যিনি ‘রক্তচোষা জনি’ নামে পরিচিত, তাকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার ভাষ্য অনুযায়ী, জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী তৎপরতা এবং অস্ত্র প্রদর্শন করে আসছিল।
জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শুক্রবার দুপুরে র্যাব-২ এর বসিলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পুলিশ ‘রক্তচোষা জনিকে’ একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল।
সেসময় তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক জানান, জনির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
ক্ষমতার পরিবর্তনের পর মোহাম্মদপুর এলাকায় একাধিক খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আবারও জনির নাম উঠে আসে।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে তার অনুসারীদের মাধ্যমে এসব অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলেন।

