ভারত থেকে হাসিনা-কামালকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে সরকার
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার ভারতকে চিঠি দেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।
এ সময় আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তাঁকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারত সরকারের কাছে অনুরোধ জানানো সত্ত্বেও তাঁকে ফেরত দেওয়া হয়নি। অভ্যুত্থানের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে অবস্থান করছেন।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ আদালত–১।

