মামদানির সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন ট্রাম্প
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, 'আমরা একমত হয়েছি যে এই বৈঠকটি শুক্রবার, ২১ নভেম্বর ওভাল অফিসে হবে।'
মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মামদানির মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয়-সাশ্রয় সংক্রান্ত এজেন্ডা নিয়ে আলোচনা করবেন নিউইয়র্কের নতুন মেয়র।
আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন মামদানি।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ট্রাম্প মামদানির অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন। ডেমোক্র্যাট হলেও কুমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন।
মেয়র নির্বাচনের আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে তিনি নিউইয়র্কের তহবিল কমিয়ে দেবেন এবং শহরটি 'দখল' করে নেবেন।

