Logo
Logo
×

সংবাদ

পুনরুজ্জীবিত হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

পুনরুজ্জীবিত হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

২০১১ সালে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, সেই রায়কে এবার সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিল ও পুনর্বিবেচনার আবেদন সর্বসম্মতভাবে গ্রহণ করে নতুন রায় দেওয়া হয়।

রায়ে বলা হয়েছে, ২০১১ সালের আপিল বিভাগের রায় একাধিক ভুল ও ত্রুটি ছিল। তাই সেই রায় পুরোপুরি বাতিল করা হলো।

এছাড়া রায়ে আরও বলা হয়, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ ২ (ক)-এ যে নির্দলীয় সরকার–সম্পর্কিত বিধান ছিল, তা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারার মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে সেই বিধান আবারও কার্যকর করা হলো, তবে ভবিষ্যতের জন্য প্রয়োগযোগ্য হিসেবে।

এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ। অন্য ছয় বিচারপতি হলেন—মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বৈধতা নিয়ে ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ কয়েকজন একটি রিট করেন। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে। ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তখন বহাল থাকে।

পরবর্তীতে ২০০৫ সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রিট আবেদনকারীরা। ২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের (৪:৩) ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

এই রায়ের পরই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়। এরপর আওয়ামী লীগ সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে এই ব্যবস্থাকে সরিয়ে দেয়।

এর আগে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর ১৯৯১ সালের নির্বাচন হয়েছিল রাজনৈতিক দলগুলোর সম্মতিতে গঠিত একটি অন্তর্বর্তী সরকারের অধীনে। সেই সরকারের প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, যিনি তখন প্রধান বিচারপতির পদ থেকে সরে গিয়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন