অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
হাই কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম বৈঠকে অংশ নিতে দিল্লি সফররত বাংলাদেশ প্রতিনিধি দল আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তাঁর দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সেখানে সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান খলিলুর রহমান।’
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেন খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
আগামী বৃহস্পতিবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। সেদিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা তা বিবৃতিতে জানানো হয়নি।

