রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গলবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান জানান, শুধু রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ডিএমপির এই মুখপাত্র জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে।
এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার দু–তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। দুর্বৃত্তদের একজনের পরনে পাঞ্জাবি ও দুজনের গায়ে শার্ট ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। এ সময় দোকানে ৯ জন ছিলেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

