শেখ মুজিবের বাড়ির সামনে থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়েছে
ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আনা এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়েছে।
বাড়িটির আশপাশে মোতায়েন রয়েছে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়ির সামনে অবস্থান করছে সেনাবাহিনীর একাধিক যান।
নিরাপত্তার কারণে সড়কের মুখে বসানো হয়েছে ব্যারিকেড। সেখানে দাঁড়িয়ে আছে পুলিশ ও বিজিবি সদস্যরা। ব্যারিকেডের সামনে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ।
সোমবার ‘জুলাই গণ-অভ্যুত্থান’–পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের একটি দল দুটি এক্সকাভেটর নিয়ে বাড়িটির দিকে অগ্রসর হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় তারা তা পারেনি।
বিক্ষোভকারীদের থামাতে পুলিশ ও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা নেয়। বিক্ষোভ চলাকালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত ১০টার পর পরিস্থিতি শান্ত হলে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, রাতেই এক্সকাভেটর দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনা ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

