মাগুরায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়েছে কাগজপত্র-আসবাব
মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কেউ একজন জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অফিস কক্ষে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, ‘কে বা কারা রাতের আঁধারে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দেয়। এতে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।’
ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ম্যানেজার জানান, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফায়ার সার্ভিসের মহম্মদপুর স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, ‘দুষ্কৃতিকারীরা গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দিয়েছে। অফিসের ভেতরে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।’
ঘটনার পরপরই মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

