Logo
Logo
×

সংবাদ

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা শুরু করেছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করছে। তিন সদস্যের প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকাল ৯টা ৫৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিন বিচারপতি। বেলা সাড়ে ১২টার পর শুরু হয় কার্যক্রম। রায়ের মূল আদেশটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ট্রাইব্যুনাল থেকে।

এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকাল ৯টার দিকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বাকি দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর ভারতে চলে যান। কামালও ভারতে রয়েছেন বলে ধারণা করা হয়। তাদের অনুপস্থিতিতে বিচার চলে।

এই মামলায় তাদের বিরুদ্ধে রয়েছে পাঁচটি অভিযোগ—আন্দোলন দমনে প্রায় ১,৪০০ মানুষ হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়া, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এ অংশ নেওয়া।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয়।

প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছি। আদালত যেন সুবিবেচনায় সেই সাজাই দেন।’

রায় ঘোষণার আগে আদালত চত্বর ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রায়ের দিনে উপস্থিত হয়েছেন জুলাইয়ের অভ্যুত্থানে নিহত অনেকের স্বজনরাও। তারা শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও কামালের পক্ষে মামলাটি পরিচালনা করছেন। তিনি রায়ের আগে সাংবাদিকদের বলেন, তিনি খালাস প্রত্যাশা করেন।

তিনি আরও জানান, ‘আমি নির্ভয়ে এবং সবার সহযোগিতায় মামলাটি পরিচালনা করেছি।’

এদিকে রায় ঘিরে আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে।

ঢাকাসহ দেশের নানা স্থানে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন