রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তা লিমা খানম জানান, মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ ও ধামরাইয়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি বলেন, মোহাম্মদপুরের বাবর রোডে সকাল ৬টার দিকে একটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়।
এর আগে, রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে একটি বাসে আগুন লাগে।
রাত ১০টার পর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় একটি লেগুনা এবং রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের দুলিভিটায় একটি বাস পুড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়নি বলে জানিয়েছেন লিমা খানম।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে ও আমতলী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয়, তবে তা ততটা ছড়ায়নি বলে জানান ওসি।
বাসটি তিন মাস ধরে ওই জায়গায় ফেলে রাখা ছিল বলে জানান তিনি।
জুলাইয়ের অভ্যুত্থান দমনচেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রোববার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ।
এই কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বোমা বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
এ ধরনের পরিস্থিতিতে যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল ছুড়তে দেখলেই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

