পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ।

