কাল শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউটর তামিম
আগামীকাল সোমবার ঘোষণা করা হবে জুলাইয়ের গণআন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ-সংক্রান্ত মামলার রায়। এই মামলার অন্যতম আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামলার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
তিনি জানান, ‘আগামীকাল ট্রাইব্যুনালের যে অংশের রায় উচ্চারণ করা হবে, সেটি সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন তা সম্প্রচার করবে। আর অন্যান্য গণমাধ্যম বিটিভির মাধ্যমে সেটি প্রচার করতে পারবে।’
এই মামলার রায় দেবে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
এই মামলায় সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

