২৬ বাংলাদেশি আরোহী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, কমপক্ষে চারজনের মৃত্যু
ফাইল ফটো
লিবিয়ার উপকূলীয় জলসীমায় অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সংস্থা।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এই নৌকাডুবির ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরের শহর আল–খুমসের কাছে।
প্রথম নৌকায় মোট ২৬ জন যাত্রী ছিলেন, যাদের সবাই বাংলাদেশি। তাদের মধ্য থেকে চারজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
রেড ক্রিসেন্ট জানায়, দ্বিতীয় নৌকায় ছিল ৬৯ জন যাত্রী। তাঁদের মধ্যে অন্তত দুজন মিসরের নাগরিক এবং অনেকে সুদান থেকে আসা। আটটি শিশুও ছিল এই নৌকায়। এই যাত্রীরা আদৌ জীবিত আছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আল–খুমস একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর, যা অভিবাসন রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
বিবৃতিতে জানানো হয়, উদ্ধার অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী ও আল–খুমস বন্দর নিরাপত্তা বিভাগ। উদ্ধার হওয়া মৃতদেহগুলো স্থানীয় সরকারি নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়ার আল–বুরি তেলক্ষেত্রের কাছে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৪২ জন নিখোঁজ হন, যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
গত অক্টোবরেও ত্রিপোলির পশ্চিমাঞ্চলে ৬১ জন অভিবাসীর মরদেহ পাওয়া যায়। এর আগে সেপ্টেম্বরে, সুদান থেকে আসা ৭৫ জন শরণার্থীবাহী একটি নৌকায় আগুন ধরে গেলে প্রাণ হারান অন্তত ৫০ জন।
জাতিসংঘের এক সাম্প্রতিক বৈঠকে যুক্তরাজ্য, নরওয়ে, স্পেনসহ একাধিক দেশ লিবিয়াকে অভিবাসী আটককেন্দ্রগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে। এসব কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে নির্যাতন, মারধর এমনকি হত্যার কথাও।

