নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।
নতুন ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।
অনুষ্ঠানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

