২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর, সোমবার এ মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণার দিন ঠিক করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং তিনি ‘রাজসাক্ষী’ হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর ২০২৪ সালের আগস্টে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ওই বছরের ১৭ অক্টোবর মামলাটির প্রথম শুনানি অনুষ্ঠিত হয় এবং একই দিন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১৬ মার্চ প্রসিকিউশনের আবেদনে মামলায় নতুন করে আসাদুজ্জামান খান ও মামুনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত শেষে ১ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে, যাতে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত থাকে।
এই অভিযোগগুলোর মধ্যে ছিল: উসকানিমূলক বক্তব্য প্রদান, অস্ত্র ব্যবহারের নির্দেশ, আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা। ১০ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে।
১২ অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়, যা শেষ হয় ২৩ অক্টোবর। প্রসিকিউশন দুই পলাতক আসামির সর্বোচ্চ সাজা দাবি করে, আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা খালাসের পক্ষে যুক্তি দেন। সেদিনই জানানো হয়, রায়ের তারিখ ঘোষণা হবে ১৩ নভেম্বর—এবং আজ সেই তারিখ ঠিক হলো।

