হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়েরর তারিখ ঘোষণা ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে।
অভিযুক্ত অপর দুই ব্যক্তি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় হাইকোর্ট সংলগ্ন ট্রাইব্যুনালের সামনে বিজিবি, এপিবিএন, ডিএমপির সাঁজোয়া যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সকাল আটটার পর সেনাবাহিনীর একটি টহল দলও ঘটনাস্থলে যোগ দেয়।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহবাগ, ফার্মগেট, কাওরানবাজার, আসাদগেট, বাংলামোটর ও বিজয় সরণিসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলছে।
ঢাকার প্রবেশপথে গতকাল থেকেই চেকপোস্ট বসানো হয়েছে। গণপরিবহন, হোটেল, মেসসহ বিভিন্ন স্থানে রাতভর তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
সকালেও রাজধানীর রাস্তায় যান চলাচল কিছুটা কম। মিরপুর থেকে হাইকোর্টমুখী পথে পুলিশের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

