ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়টির টিএসসির সামনে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষশর্দীরা জানান, রাজু ভাস্কর্যের সাইডে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল মারে। ককটেলটি এক সংবাদকর্মীর বাইকে লাগে এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে ককটেল বিস্ফোরণের পরেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি স্পটে রয়েছি। একজন পথচারী আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

