ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ ‘অবৈধ’ ঘোষণা করে তা বাতিল করেছে বর্তমান ডাকসু পরিষদ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।
সাদিক কায়েম বলেন, ‘হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।’
এদিন সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাধারণ সভা। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

