দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩৯ জন ডেঙ্গু রোগী। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এযাবৎ মোট ৭৭ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

