ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে চান্দুরা এলাকার ওই শাখায় কেউ পেট্রল ঢেলে আগুন দেয় বলে জানা গেছে।
আগুনে অফিসকক্ষের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব ও নথিপত্র পুড়ে যায়। তবে টাকার ভল্ট নিরাপদ রয়েছে।
শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত আনুমানিক দুইটার দিকে বাইরে থেকে আগুন দেওয়া হয়। নাইটগার্ড ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। তাদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি নেভায়।
তিনি আরও বলেন, অফিসের আসবাবপত্র ও কিছু কাগজ নষ্ট হলেও টাকার ভল্টে কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

