Logo
Logo
×

সংবাদ

ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু, রাজধানীর তিন স্থানে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম

ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু, রাজধানীর তিন স্থানে বাসে আগুন

ময়মনসিংহে বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর তিনটি স্থানে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার গভীর রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়, রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরার জনপথ মোড়ে একটি বাসে আগুন লাগে।

একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্রাইভেট কারেও আগুন লাগে।

এদিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাসে আগুন দিয়ে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে ভালুকজান বাজারে একটি পেট্রল পাম্পের সামনে পার্কিং করে রাখা বাসে আগুন দিলে ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক জুলহাস মিয়া পুড়ে মারা যান।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে বাস থেকে তার অঙ্গার দেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহত চালকের পরিচয় শনাক্ত হয়েছে, তদন্ত ও অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, সোমবার রাত প্রায় পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে রাত ২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগে।

এরপর ভোর ৪টার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরও একটি বাসে আগুন লাগার খবর আসে।

ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, কাজলার ঘটনায় রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে। তবে অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তারা আরও জানিয়েছে, যেসব বাসে আগুন লেগেছে সেগুলোর ভেতরে কোনো যাত্রী ছিলেন না। বাসগুলো পার্কিং অবস্থায় ছিল।

এদিকে, সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গতকাল সোমবার দিনে ও রাতে ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয় এবং অন্তত ১০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন