Logo
Logo
×

সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোনের সিম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোনের সিম বিতরণ শুরু

মোবাইল ফোনের সিম কার্ড দেওয়া হচ্ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের হাতে। আজ সোমবার সরকারি অনুমোদনের ভিত্তিতে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানের নেতৃত্বে আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ইউনাইটেড কাউন্সিল অব রোহাংয়ের (ইউসিআর) নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে সিম কার্ড দেওয়া হয়।

আরআরআরসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ক্যাম্পগুলিতে ১০ হাজার সিম কার্ড বিতরণ করা হবে এবং এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের দ্বারা বর্তমানে ব্যবহৃত সমস্ত অবৈধ সিম কার্ড সম্পূর্ণরূপে ব্লক করা হবে। শুধুমাত্র বৈধ সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে, কারণ এটি আইনের শাসন বজায় রাখার, অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করার এবং পূর্বে অবৈধ সিম কার্ড ব্যবহার করে পরিচালিত অন্যান্য অনৈতিক অনুশীলন বন্ধ করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন মোবাইল অপারেটরের সিম অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন, যা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি মোকাবিলায় চলতি বছরের আগস্টে সরকার রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল ফোন সিম ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও চারটি মোবাইল অপারেটরের সঙ্গে কয়েক দফা আলোচনার পর এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হলো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন