Logo
Logo
×

সংবাদ

পদ্মার চর দাপিয়ে বেড়ানো কাকন বাহিনী’র ২১ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম

পদ্মার চর দাপিয়ে বেড়ানো কাকন বাহিনী’র ২১ সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীর চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসা ‘কাকন বাহিনী’র ২১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ভোরে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী, এবং কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, ‘কাকন বাহিনী’র বিরুদ্ধে পুলিশের পাশাপাশি র‍্যাব ও এপিবিএন-এর সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন ফাস্ট লাইট’। অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ১ হাজার ২০০ জন নিরাপত্তা সদস্য অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, এই অভিযানে শুধু আগ্নেয়াস্ত্র নয়, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি অস্ত্র এবং মাদকও। এ পর্যন্ত বাহিনীর ২১ জন সদস্যকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, এবং বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা এবং নাটোরের লালপুর উপজেলার সীমানা ঘেঁষা চর মরিচা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ওই ঘটনায় তিনজন নিহত হন।

এই ঘটনার পর বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ তার সহযোগীদের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা করা হয়। এছাড়াও রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় মোট ছয়টি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন