চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচার চলাকালে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকালে এই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়। পরে রাতে সরকারের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীদের লক্ষ্যবস্তু তিনি ছিলেন না। বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে এসে বিদ্ধ হয়েছে। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা ও ভীতি প্রদর্শন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য নয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছে।
এছাড়া, অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং ন্যায্য পরিবেশে সম্পন্ন হয়।
সরকার জানিয়েছে, সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

