জামিন পাওয়া আ. লীগ নেতা-কর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়ালে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবল ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।’
তিনি বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। এছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোনো সমস্যা হবে না।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেব।’
পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায় অভিযোগ করে উপদেষ্টা বলেন, ‘সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরে যদি বলেন, তারা (ভারত) মিথ্যা বলতেছে, তবে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়, যেটা আপনারা (সাংবাদিকেরা) করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পরে তিনি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে যোগদান করেন।
