Logo
Logo
×

সংবাদ

প্রাথমিকে সংগীত ও শরীরচর্চার শিক্ষকের পদ বাদ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

প্রাথমিকে সংগীত ও শরীরচর্চার শিক্ষকের পদ বাদ দিল সরকার

সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের পদ বাদ দিয়েছে অন্তর্ববর্তী সরকার। পাশাপাশি কিছু ‘শব্দগত পরিবর্তন’ এনে গত আগস্টে জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। তিনি জানান, রবিবার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষক পদের মধ্যে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ যুক্ত ছিল। তবে নতুন সংস্করণে এই দুই পদ বাদ দেওয়া হয়েছে।

পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপে এসেছে কি না—এমন প্রশ্নে অতিরিক্ত সচিব সরাসরি মন্তব্য না করে বলেন, ‘আপনারা বিষয়টি খতিয়ে দেখতে পারেন।’

এ ছাড়া বিধিমালায় একটি শব্দগত সংশোধন আনা হয়েছে। আগের সংস্করণে বলা ছিল, শিক্ষক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত। তবে ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর হওয়ায় এখন বলা হয়েছে—‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।’

মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত বিধিমালাটি দ্রুত কার্যকর করা হবে এবং আগের সব নির্দেশনা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হালনাগাদ করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন