Logo
Logo
×

সংবাদ

চলমান আন্দোলনের কারণে ঢাকায় তীব্র যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ

Icon

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

চলমান আন্দোলনের কারণে ঢাকায় তীব্র যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ

দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন একযোগে কর্মসূচি শুরু করায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে ঢাকায় ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার প্রেস বিজ্ঞপ্তিতে এই অপ্রত্যাশিত যানজট এবং জনসাধারণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রবিবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

এতে শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন ও মতিঝিলের মতো প্রধান এলাকায় দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়। এ কারণে যাত্রীরা ও অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন।

শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন