নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
আগামী বছর তাবলিগ জামাতের মহাসম্মেলন ‘বিশ্ব ইজতেমা’ জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না। আজ রবিবার দুপুরে সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা বলেন, ইজতেমা অনুষ্ঠিত হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা সম্ভব না। এ জন্য উভয় গ্রুপ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছে।
ঈদুল ফিতরের পর উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে কোন পক্ষ আগে করবে এবং কোন পক্ষ পরে করবে, সেটিও বৈঠকে নির্ধারণ করা হবে। তবে বিশ্ব ইজতেমা একটি হওয়ার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, সাধারণত প্রতিবছর শীতকালে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা। এ জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়।

