গরুচোর সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে তিনজন নিহত
গরুচোর সন্দেহে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনির শিকার হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তিরা পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি গরুচোর চক্রের সদস্য।
রাতে নাসিরাবাদ গ্রামের এক বাসিন্দার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির সময় গ্রামবাসীর নজরে পড়েন তারা।
ধাওয়া খেয়ে তারা পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে চাইলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা তাদের ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘মরদেহ তিনটি থানায় রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

