‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল
ন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমার লোক, তোমার লোক'–কালচার থেকে বিএনপি, জামায়াতকে বের হয়ে আসতে হবে। এনসিপি এবং ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত না। আজ শনিবার সকালে কারওয়ান বাজারে এক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘গত ছয় মাসে দু’জন পুলিশ কর্মকর্তার বদলির জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রধান দু’টি বড় দলের শীর্ষ নেতা আমার কাছে ফোন করে অসন্তোষ প্রকাশ করেছেন। একদল বলেছে ওনাকে সরাতে। আরেক দল বলেছে ওনাকে সরালেন কেন। আমার লোক, তোমার লোক কালচার থেকে বিএনপি–জামায়াতকে বের হয়ে আসতে হবে। ছোট দল ও উদীয়মান দলগুলো এই ব্যাধি থেকে মুক্ত না। তারা বড় হলেও এই ব্যাধি তাদের গ্রাস করবে, এই আশঙ্কা আমার মধ্যে আছে।’
গোলটেবিল বৈঠকে আরও অংশ নেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকার কর্মী নূর খান।

