Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য দুর্বল শাসনব্যবস্থা দায়ী : অজিত দোভাল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য দুর্বল শাসনব্যবস্থা দায়ী : অজিত দোভাল

বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনে দুর্বল শাসনব্যবস্থা দায়ী — বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

শুক্রবার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে এক বক্তব্যে অজিত দোভাল বলেন, একটি জাতি গঠনে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শাসনব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই একটি রাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারে এবং সাধারণ মানুষের স্বপ্নপূরণে এগিয়ে যেতে পারে।

তার ভাষায়, এখন শাসনব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ হলো — সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন ও আকাঙ্ক্ষাপূর্ণ। তাদের প্রত্যাশা বেড়েছে। রাষ্ট্রেরও স্বার্থ আছে মানুষকে সন্তুষ্ট রাখার।’

দুর্বল শাসনব্যবস্থাকে তিনি সরকার পরিবর্তনের একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন দেশে সরকার পরিবর্তন হয়েছে প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে, যার পেছনে দুর্বল শাসনব্যবস্থা কাজ করেছে।’

অজিত দোভাল বলেন, ‘একটি দেশের শক্তি আসে শাসনব্যবস্থা থেকে। সরকার যেসব প্রতিষ্ঠানকে ঘিরে কাজ করে, জাতি গঠনে সেই প্রতিষ্ঠান নির্মাণ ও লালন-পালনকারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনব্যবস্থার মডেলকে প্রশংসা করে দোভাল বলেন, ‘ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে — এক ধরনের শাসনব্যবস্থা, সরকার ও সামাজিক কাঠামো থেকে বেরিয়ে এসে এখন দেশটি তার জায়গা নিচ্ছে বৈশ্বিক শক্তির শ্রেণিতে।’

তিনি জানান, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হতে পারে।

তার ভাষায়, ‘যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — আপনার দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা। ধুলোর ঝড়, হট্টগোল কিংবা হুমকিতে যেন চোখ ধাঁধিয়ে না যায়। প্রতিকূলতার ভেতরেও যেন আপনি দমে না যান।’

তিনি বলেন, ‘আপনাকে প্রস্তুত হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এটাই ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বার্তা।’ দোভাল স্মরণ করান, স্বাধীনতা আন্দোলনে গান্ধীর পাশে প্যাটেলের ভূমিকা এবং স্বাধীনতার পর ৫০০-রও বেশি দেশীয় রাজ্য একত্র করে একক রাষ্ট্র গঠনের অবদান।

তিনি বলেন, সারা ভারতের জন্য যে সিভিল সার্ভিস কাঠামো গড়ে উঠেছে, তার পেছনেও ছিল সর্দার প্যাটেলের দূরদৃষ্টি — যা আজ ভারতের শক্তিশালী শাসনব্যবস্থার ভিত্তি।

ভালো শাসনের অংশ হিসেবে অজিত দোভাল নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের কথা জোর দিয়ে বলেন। তার মতে, নারীদের মধ্যে সমতা ও আত্মবিশ্বাস সৃষ্টি করাও একটি আধুনিক রাষ্ট্রের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া আধুনিক পৃথিবীতে ভালো শাসন সম্ভব নয়। শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, সেগুলোকে কার্যকরভাবে বাস্তবায়ন করাটাই সবচেয়ে জরুরি।’

শাসনব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিয়েও তিনি গুরুত্ব দেন। তার মতে, ‘প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের কাছে সেবার কার্যকরতা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, আমাদের সমাজকে সাইবার হুমকি ও প্রযুক্তি-সংশ্লিষ্ট অন্যান্য ঝুঁকি থেকেও সুরক্ষিত রাখতে হবে।

সূত্র: এনডিটিভি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন