Logo
Logo
×

সংবাদ

পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কার পেলেন ১৩ জন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কার পেলেন ১৩ জন

বাংলাদেশের পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) জমকালো আয়োজনে শুরু হয়েছে দেশের বৃহত্তম পর্যটন মেলা—১৩তম ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’। মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। উদ্বোধনী আয়োজনে এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার পাওয়া সাংবাদিকরা হলেন—দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী, এশিয়ান টিভির চিফ নিউজ এডিটর ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও এটিজেএফবি-র যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সুমন।

এছাড়া ‘প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড’ পেয়েছেন শুভাশীষ ভৌমিক।

ভ্লগিং ও প্রতিযোগিতা বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন—স্টোরিটেলিং ট্রাভেল ভ্লগার হিসেবে আরকে সোহান, উইমেন ট্রাভেল ভ্লগার হিসেবে জান্নাত (দ্য লুনাটিক ট্রাভেলার), কাপল ও ফ্যামিলি ট্রাভেল ভ্লগার হিসেবে ‘পেটুক কাপল’, এবং রাইজিং ট্রাভেল ভ্লগার হিসেবে ‘জাস্ট এ মিনিট’।

ছবি ও ভিডিও প্রতিযোগিতায়—ফটো কনটেস্টে প্রথম হৃদয়, দ্বিতীয় বিপুল আহমেদ, তৃতীয় তন্ময় দাস। ভিডিও প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন শাহরিয়ার হোসেন শিজু। গল্প লেখায় পুরস্কার পেয়েছেন সাজিব মাহমুদ।

মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি ১২০টির বেশি প্রতিষ্ঠান, যারা প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পর্যটনসেবা ও পণ্য প্রদর্শন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা ও আর্থিক প্রতিষ্ঠানসহ নানা সংস্থা।

আন্তর্জাতিক অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন ও তুরস্ক। এ ছাড়া স্বাগতিক বাংলাদেশের বিভিন্ন ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরাও অংশ নিচ্ছে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকিট, হোটেল বুকিং ও ভ্রমণ প্যাকেজে বিশেষ মূল্যছাড় দিচ্ছে।

সাইডলাইন ইভেন্ট হিসেবে থাকছে—বিটুবি সেশন, সেমিনার, দেশভিত্তিক প্রেজেন্টেশন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতিদিনের আয়োজনের মধ্যে আরও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন