Logo
Logo
×

সংবাদ

জাতীয় নির্বাচনের দিন অথবা এর আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম

জাতীয় নির্বাচনের দিন অথবা এর আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, আজকেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। যে সব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। সাংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য ৪৮টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একসঙ্গে ৪৮টি বিষয় বাস্তবায়নে জনগণের ওপর গণভোট হবে। 

আলী রীয়াজ বলেন, যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে, তাহলে গণভোটে পাস হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। ২৭০ দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে। নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ, জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন, তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদ সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা-আলাদাভাবে শপথ গ্রহণ করবেন।

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে, হচ্ছে। আশা করি এনসিপি স্বাক্ষর করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন