জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত: উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত। আর নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।
আজ সোমবার দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ঢাকার সঙ্গে চরফ্যাশনের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে এক দিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’

