উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু
ছবি: সংগৃহীত
পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন নিহতের ঘটনায় দীর্ঘসময় বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল রুটে পুরো দমে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
ওই দুর্ঘটনার পর রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিকাল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে মেরামত কাজের জন্য সোমবার সকাল পর্যন্ত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

