Logo
Logo
×

সংবাদ

পাঁচ মামলায় বিচারপতি খায়রুল হককে জামিন দিতে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম

পাঁচ মামলায় বিচারপতি খায়রুল হককে জামিন দিতে হাইকোর্টের রুল জারি
হত্যা ও দুর্নীতিসহ পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ রবিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এবিএম খায়রুল হকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুনানিতে আইনজীবী মনসুরুল হক বলেন, তাঁর (খায়রুল হক) স্বাস্থ্যগত বিষয় ও বয়স বিবেচনায় জামিন আবেদন করা হয়েছে। তাঁরা এখন শুধু শর্ট রুল চাইছেন। 
অ্যাটর্নি জেনারেল বলেন, রুল দেওয়াটা আদালতের বিষয়। তবে শর্ট রুল ও অন্তর্বর্তী আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপত্তি আছে।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন খায়রুল হক। ২০১১ সালের ১০ মে তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন। এ রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়।
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় এক বছর পর গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে পুলিশ খায়রুল হককে গ্রেপ্তার করে। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকায় যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর বেআইনি রায় প্রদান ও রায় জালিয়াতির অভিযোগে গত বছরের ২৫ আগস্ট করা অন্য আরেকটি মামলাতেও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন