মেট্রোরেল
নিহতের পরিবার পাবে ৫ লাখ, পরিবারে কর্মক্ষম থাকলে পাবেন চাকরি
সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আজ রবিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আজ দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

