Logo
Logo
×

সংবাদ

বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী নিহত, বন্ধ মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম

বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী নিহত, বন্ধ মেট্রোরেল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক জানান, বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে— এমন খবর তারা পেয়েছেন। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুর্ঘটনার কারণে পুরো রুটেই মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ট্রেন কবে নাগাদ চালু হবে, সেটি এখনো বলা যাচ্ছে না।

এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। সেবারও একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। সেবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্টদের মধ্যে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, মেট্রোরেলের লাইনের নিচে উড়ালসেতুর পিলারের সঙ্গে থাকা এই বিয়ারিং প্যাডগুলো রাবার ও ইস্পাতের তৈরি, প্রতিটির ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাডগুলো ট্রেন চলার সময় কম্পন সামলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এগুলো ছাড়া ট্রেন চালালে উড়ালসেতু হেলে পড়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে সতর্কতা হিসেবে পুরো লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন