পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ প্রাণ গেল তিনজনের, আহত দুই জন
পাবনার সদর উপজেলায় সড়কে চলন্ত একটি ট্রাকের ধাক্কায় দুটি কোমলপ্রাণ শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
ওসি জানান, সকালে শিক্ষার্থীরা ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। পথে বাঁশবোঝাই একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও চালকের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম।

