Logo
Logo
×

সংবাদ

রবিবার দুপুরে ঘূর্ণিঝড়ের আভাস

Icon

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম

রবিবার দুপুরে ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামীকাল (রবিবার) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় নিম্নচাপটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শনিবার রাতে বলেন, ‘নিম্নচাপটি আজ (শনিবার) মধ্যরাতে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে৷ এরপর আগামীকাল (রবিবার) দুপুরের দিকে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।’

এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলাদেশে পড়বে না জানিয়ে ওমর ফারুক বলেন, ‘সমুদ্রপথে এর তেমন প্রভাব পড়বে না। তবে স্থলভাগে এর প্রভাবে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন